কাবাডি দলের ছাত্রীদের মারধরের ঘটনার তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে
চট্টগ্রাম কাবাডি দলের খেলোয়াড়দের ‘বকাঝকা ও মারধর’ এবং এর প্রতিবাদে সহকারী শিক্ষিকার নিজের মাথা ন্যাড়া করার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে দেওয়া প্রতিবেদনটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে।
ওই প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়। এ ব্যাপারে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, বুধবার প্রতিবেদন পাওয়ার পর সেটি শিক্ষামন্ত্রী বরাবরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় অবস্থিত বেসরকারি এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী এবং অন্য দুই সদস্য জেলা ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশিদ ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া বুধবার প্রতিবেদন জমা দেন।
আরও পড়ুন: মাথা ন্যাড়া করে প্রতিবাদ শিক্ষিকার, তিন সদস্যের তদন্ত কমিটি
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটি ও জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানান, তদন্তে দেখা গেছে, বিদ্যালয়ে একে অন্যের মধ্যে সহনশীলতার অভাব ছিল। এককভাবে কাউকে দোষারোপ করা হয়নি।
এর আগে ওই বালিকা বিদ্যালয়ে কাবাডি দলের ছাত্রীদের চুলে ফ্রেঞ্চ বেণি করায় প্রধান শিক্ষিকার ‘বকাঝকা ও মারধর’ করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে নিজের মাথা ন্যাড়া করে ফেসবুকে পোস্ট দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (ক্রীড়া) জাহিদা পারভীন। গত ২২ সেপ্টেম্বর রাতে ফেসবুকে দেওয়া ওই পোস্টের পর ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।