যুক্তরাষ্ট্রে যেতে ইমরান এইচ সরকারকে বাঁধা!
স্টেট ডিপার্টমেন্টের নিমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে প্রশাসনের বাঁধার মুখে পড়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শুক্রবার সন্ধ্যায় ৭টার দিকে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার রাতে গণজাগরণ মঞ্চের কর্মী রিয়াজুল আলম ভূঁইয়া দ্যা ডেইলী ক্যাম্পাসকে বলেন, ইমরান এইচ সরকারের উপর কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল না; ছিল না কোন মামলাও। বিমানবন্দরে ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পর বিমান থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। এটি একটি নজিরবিহীন ঘটনা।
এদিকে, শুক্রবার রাতে গণজাগরণ মঞ্চ থেকে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিচালিত ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশীপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নিমন্ত্রণ করা হয়েছিল ইমরান এইচ সরকারকে। স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত অনুষ্ঠানসমূহের মধ্যে এই প্রোগ্রামটি আন্তর্জাতিকভাবে সবচেয়ে সমাদৃত এবং গুরুত্বপূর্ণ।
এই অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে বিমানে উঠার পর সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়।
ইমরান এইচ সরকারের উপর কোনোরকম ভ্রমণ নিষেধাজ্ঞা নেই। বিদেশ ভ্রমণের যাবতীয় আইনি কার্যক্রম ইমিগ্রেশনেই শেষ হয়। সব প্রয়োজনীয় কাজ শেষ হলেই ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স দিয়ে যাত্রীকে বিমানে পাঠানো হয়।
এছাড়াও United States Bureau of Democracy and Human Rights আয়োজিত আরেকটি সম্মেলনে বক্তব্য দেয়ার জন্য আমন্ত্রিত হয়েছিলেন ইমরান এইচ সরকার। তার উপর কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা এবং মামলা না থাকার পরও ইমিগ্রেশন ক্লিয়ার হওয়ার পর বিমান থেকে ফেরত পাঠানো একটি নজিরবিহীন ঘটনা।
গত ৬ মাসে কোনোরকম সমস্যা ছাড়াই ৪ বার বিদেশ ভ্রমণ করেছেন তিনি। শুধুমাত্র মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রোগ্রামে অংশ নিতে যাওয়ার কারণেই এই বাধা- এমনটাই মনে করছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেন, ‘বিমান থেকে তাকে ফিরিয়ে দেয়ার ঘটনাটি স্পষ্টভাবেই নাগরিক অধিকারের লঙ্ঘন। দেশে নূন্যতম গণতন্ত্র নেই, সরকারের এই আচরণে এটাই প্রমাণিত হয়। আমি সরকারের এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানাই।’
‘সরকারের কীসের এতো ভয় আমি জানতে চাই। ১৯৫৭ সালে পাকিস্তান আমলে বঙ্গবন্ধুও একই প্রোগ্রামে আমেরিকা গিয়েছিলেন। অথচ তৎকালীনন পাকিস্তান সরকার বাধা দেয়নি। আমাদের অবস্থা কি এখন পাকিস্তান আমলের চেয়েও খারাপ?’- প্রশ্ন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের।