সাঁতরে পুকুর পার হতে গিয়ে ডুবে লাইফ সাপোর্টে ঢাবি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ফুটবল খেলার পর সাঁতার কাটতে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডুবে যান এক শিক্ষার্থী। পরবর্তীতে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা তাকে সেখান থেকে তুলে ঢাকা মেডিকেলে ভর্তি করলে বর্তমানে ওই শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। তার এখন অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানা গেছে।
আজ রবিবার (২৯ মে) দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়। ডুবে যাওয়া ওই শিক্ষার্থীর নাম পলাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনন্দ ফকির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফুটবল খেলার পর জহুরুল হক হলের মাঠে যান পলাশ। খেলা শেষে ওই হলের পুকুরে গোসল করতে নামেন তিনি। গোসল করার সময় পুকুরের এক পাশ থেকে সাঁতার কেটে অন্য পাশ গিয়ে আবার ফিরে আসার সময় ক্লান্ত হয়ে পড়েন। এসময় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মাঝে তিনি ডুবে যান। অনেকক্ষণ ডুবে যাওয়ার পর না উঠলে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। তখন হলের অনেকেই দ্রুত পুকুরে নেমে তাকে উপরে তুলে ঢাকা মেডিকেল চিকিৎসার জন্য ভর্তি করান। এখন তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রহিম বলেন, অবস্থা খুব খারাপ। তার চিকিৎসা চলছে। ডাক্তাররা চেষ্টা করতেছেন। এখন দেখা যাক আল্লাহ ভরসা।