ঢাবিতে গণিত বিষয়ক কর্মশালা সমাপ্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে ‘Mathematical Epidemiology/Biology’ শীর্ষক Scientific Research School (কর্মশালা) সমাপ্ত হয়েছে। আজ শুক্রবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন ও নরওয়ের সমন্বয়ে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিষ্ঠান CIMPA যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে ঢাকাস্থ স্পেন দুতাবাসের ডেপুটি হেড অব মিশন ইমিলিয়া ক্লেমিন রেডন্ডো সম্মাননীয় অতিথি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. পারভীন হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ ও স্পেনের ইউনিভার্সিটি কমপুলটেন্সি ডি মাদ্রিদ-এর অধ্যাপক আলিকজা বারবারা কুবিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন CIMPA-এর স্থানীয় সমন্বয়কারী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুন: জিডিপির তুলনায় দেশে কর আদায়ের হার কম: নওফেল
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বর্তমান বিশ্ব করোনা মহামারি এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সমস্যা মোকাবেলা করছে। সময়োপযোগী পদক্ষেপ হিসেবে এই কর্মশালা আয়োজন করায় তিনি গণিত বিভাগ এবং CIMPA-কে আন্তরিক ধন্যবাদ জানান। করোনা মহামারি পরবর্তী বিভিন্ন সংকট মোকাবেলায় সরকার ও নীতিনির্ধারকদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, গণিত আমাদের জীবনের সর্বক্ষেত্রে জড়িয়ে আছে। জাতির প্রতি দায়বদ্ধতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সঠিক সময়ে এই গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজন করেছে উল্লেখ করে তিনি আয়োজকদের ধন্যবাদ দেন।
তিনি বলেন, এই ধরণের আয়োজন রাষ্ট্রের বিভিন্ন অংশের সঙ্গে গবেষকদের সেতুবন্ধন রচনা করে। তিনি জ্ঞানভিত্তিক অর্থনীতি বিনির্মাণ, দক্ষ মানব সম্পদ তৈরি এবং নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।