২০ ডিসেম্বর ২০২১, ১৬:১৩

২৩৭৮টি আসনের বিপরীতে ৩৭৮৫তম মেধাক্রম পর্যন্ত ভর্তি

ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি  © ফাইল ছবি

ভর্তি পরীক্ষার মেধাক্রমের ৩ হাজার ৮০০ পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও ৩ হাজার ৭৮৫তম মেধাস্থান পর্যন্ত ভর্তির সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে। এ বছর এই ইউনিটে মোট আসন ছিল ২ হাজার ৩৭৮টি। 

কলা অনুষদের ডিন অফিস সূত্রে জানা যায়, ‘খ’ ইউনিটের মেধাতালিকায় ৩ হাজার ৭৮৫তম স্থান অধিকারী সর্বশেষ ভর্তি হওয়ার সুযোগ পান মো. আজিজুর রহমান মানিক। তার প্রাপ্ত নম্বর ছিল ৬৬ দশমিক ৫৫। তিনি আরবি বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেন। দাখিলে তার জিপিএ ছিল ৪.৯০ এবং আলিমে জিপিএ ছিল ৫.০০।

এর আগে গত ১০ ডিসেম্বর আরবি বিভাগে ১০৯টি ও ইসলামিক স্টাডিজ বিভাগের দুইটি আসনসহ মোট ১১১টি শূন্য আসনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকার ২৪০১-৩৮০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকে কর্তৃপক্ষ।

যাদের দাখিল পরীক্ষায় আরবি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড; আলিম/উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরবি/ইসলামি শিক্ষা/বাংলা/ইংরেজি বিষয় ছিল সাক্ষাৎকারে শুধু তাদেরকেই ডাকা করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার (১৮ ডিসেম্বর) নির্ধারিত মেধাতালিকার (২৪০১ থেকে ৩৮০০ পর্যন্ত) মোট ১ হাজার ৪০০ জন শিক্ষার্থীর মধ্যে শর্তপূরণ করতে পেরেছেন ১৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১১১ জন ভর্তি হওয়ার সুযোগ পান। নির্ধারিত শর্ত পূরণ করতে পারলেও অনেকেই সাক্ষাৎকারের দিন অনুপস্থিত ছিলেন।

এ বছর ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৪০ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। পাস করেছেন মাত্র ৭ হাজার ১২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।