ইউজিসির বার্ষিক মূল্যায়নে রাবির অবস্থান ৩৩তম
২০২০-২১ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক মূল্যায়নে ৩৩তম অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রবিবার (৫ ডিসেম্বর) ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। যেখানে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থার মূল্যায়ন করা হয়।
প্রতিবেদন জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের প্রাপ্ত নম্বরের ক্রমানুসারে ৩৩তম অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যার প্রাপ্ত নম্বর ৩ এর কম।
যেখানে ৯৮.৩৮ প্রাপ্ত নম্বর নিয়ে ইউজিসির এই মূল্যায়নে প্রথম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। ৯৩ দশমিক ৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নম্বর পেয়েছে ৯২.১৫। এছাড়াও যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম জানান, আমরা আমাদের কাজগুলো যথাসময়ে না করতে পারার ফলেই বিশ্ববিদ্যালয় এই জায়গাতে অবস্থান করছে। তবে দ্রুতই এই অবস্থা থেকে উত্তরণের জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার প্রচেষ্টা প্রয়োজন। যার মাধ্যমে এই অবস্থার উন্নতি করা সম্ভব বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে সরকারি দপ্তর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।