০৫ ডিসেম্বর ২০২১, ১২:৪০

সাংস্কৃতিক উৎসবে আজ রাবি মাতাবেন যারা

সাংস্কৃতিক উৎসব  © টিডিসি ফটো

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবার্ষ উপলক্ষে আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক উৎসবে গান গেয়ে ক্যাম্পাস মাতাতে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান হোসেন ও সর্বনাম ব্যান্ড।

রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে ৭ দিনব্যাপী সংস্কৃতিক উৎসবের প্রথম পর্বের শেষ দিনের অনুষ্ঠান উদযাপিত হবে।

এছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট, গাছতলার গান, মাথল ও গম্ভীরা।

এ বিষয়ে অনুষ্ঠানের সদস্য সচিব ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক অধ্যাপক আরিফ হায়দার বলেন, দীর্ঘ দিন ক্যাম্পাস বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা অনেকটা ঝিমিয়ে পড়েছিলো। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মন মানসিকতা চাঙ্গা করে তুলতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু তাই নয়, এই সাংস্কৃতিক অনুষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল ইসলামসহ অন্যন্য কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত থাকবেন।