ঢাবির জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস আজ
আজ ১৫ অক্টোবর, ‘জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস’। ১৯৮৫ সালের সেই দিনটি ছিল মঙ্গলবার। বিটিভির পর্দায় চলছিল মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘শুকতারা’। আর সেই নাটক দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ১৫০ বছরের পুরনো অনুদ্বৈপায়ন নামের ভবনের দোতলার টিভি কক্ষে ভিড় করেছিলেন ২৫০-৩০০ জন। হঠাৎ বিকট শব্দে ছাদের মাঝখানের অংশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ধুলায় অন্ধকার হয়ে যায় পুরো কক্ষ। ঘটনাস্থলেই মারা যান ৩৪ জন। পরে আরও ছয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২৬ জন ছিলেন ছাত্র, ১৪ জন ছিলেন কর্মচারী ও অতিথি। আজ সেই ট্র্যাজেডি দিবস।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেন তৎকালীন রাষ্ট্রপতি, কেন্দ্রীয় পনেরো ও সাতদলীয় ঐক্য জোটসহ অন্যান্য রাজনৈতিক নেতা। বিদেশি কূটনীতিকরাও শোক জানান। তিন দিন জাতীয় শোক ঘোষণা করে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে ১৬ অক্টোবর সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনার পর থেকেই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটির ৩৬ বছর পূর্ণ হচ্ছে আজ। দিবসটি উপলক্ষে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকালে বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ, শোক মিছিল, পুষ্পস্তবক অর্পণ।