০৯ অক্টোবর ২০২১, ১৯:০৩

আজ সব শিক্ষার্থীর জন্য ঢাবির হল খুলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে আজ। করোনার টিকার অন্তত এক ডোজ নেওয়ার শর্তে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। হল খোলা উপলক্ষে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে আবাসিক হলগুলো পরিদর্শন করবেন।

শনিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী অন্তত এক ডোজ কোভিড-১৯ এর টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড বা সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র দেখিয়ে নিজ নিজ হলে সকাল ৮টা থেকে প্রবেশ করতে পারবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল পৌনে দশটায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল এবং সোয়া দশটায় রোকেয়া হল পরিদর্শন করবেন।