০৩ অক্টোবর ২০২১, ২১:৪০

৭ অক্টোবরের মধ্যেই ৫২ শিক্ষার্থীকে শোকজের জবাব দিতে হবে

ঢাবির অমর একুশে হল  © সংগৃহীত

তালা ভেঙ্গে জোর করে হলে প্রবেশ করা ৫২ জন শিক্ষার্থীদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল কর্তৃপক্ষ। শোকজের জবাব আগামী ৭ অক্টোবরের মধ্যেই দিতে হবে।

আজ রবিবার (৩ অক্টোবর) রাতে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল শনিবার (২ অক্টোবর) রাতে এসব শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ তারিখের মধ্যে এই সময়সীমা বেধে দেওয়া হয়েছে।

জানা যায়, গত শুক্রবার (১ অক্টোবর) দুপুরে তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে প্রবেশ করেছে একদল শিক্ষার্থী। তাদের মতে, চলতি মাসের এই পাঁচ দিন বাসায় থাকলে তার জন্য পুরো মাসের ভাড়া গুনতে হবে তাদের। তাই ১ তারিখেই হলে উঠেছে তারা। পরে এ ঘটনায় শনিবার রাতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছে এবং হলের বৈদ্যুতিক লাইন ও পানির সংযোগ নিজ দায়িত্বে চালু করে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া, হল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যারা হলে প্রবেশ এবং অবস্থান করছে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য কেন শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে না, এই মর্মে আগামী ৭ অক্টোবরের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।