অপেক্ষার প্রহর শেষ, ঢাবির ভর্তিযুদ্ধ শুরু আজ
করোনাভাইরাস মহামারীতে দীর্ঘ বন্ধের পর অবশেষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সশরীরে ভর্তি পরীক্ষার জট খুলছে। আজ শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা যার যার নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের দিকে আসতে শুরু করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ নম্বর করে মোট ২০ নম্বর থাকবে। (মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ; উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ২ দিয়ে গুণ করে এই দুইয়ের যোগফল)
ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় থাকবে। তবে চ ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার রাজধানী ঢাকা ছাড়াও শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। এ ছাড়া অন্য যে সাতটি বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা হবে।
কেন্দ্রগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)৷
বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে স্থাপিত কেন্দ্রে আজ একই সময়ে অর্থাৎ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।