১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৯

গাছ কাটার প্রতিবাদে ঢাবিতে কফিন মিছিল

কৃষ্ণচূড়া গাছ কাটার প্রতিবাদে প্রতীকী‘কফিন মিছিল’   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের পাশে একটি পুরনো কৃষ্ণচূড়া গাছ কাটার প্রতিবাদে ‘কফিন মিছিল’ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেটে ফেলা গাছের একটি ডালকে কাফনে মুড়িয়ে প্রতীকী কফিন বানিয়ে মিছিল করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে তারা কেটে ফেলা কৃষ্ণচূড়া গাছটির স্থানে ফুলসহ নতুন একটি কৃষ্ণচূড়ার চারা রোপন করে মিছিলটি শুরু করেন।

সমাবেশে কৃষ্ণচূড়া গাছটি কাটার জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নিন্দা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন কাঠ ব্যবসায়ী হয়ে গেছে। তারা বিশ্ববিদ্যালয়ের বন্ধু, হাজারও ইতিহাসের সাক্ষী ৭০ বছরের এই পুরনো গাছ কেটে কাঠ বিক্রি করবে।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা চারটি দাবি জানান। দাবিগুলো হচ্ছে- ভবিষ্যতে অপরিকল্পিতভাবে যেকোনো গাছ কাটা থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে, কেটে ফেলা গাছটির পরিবর্তে নতুন করে অন্তত একশো গাছ রোপণ করতে হবে, কেটে ফেলা গাছটির কাঠ বিক্রি না করে তা চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহার করতে দিতে হবে এবং শিক্ষার্থীদের রোপণ করা চারাগাছটিকে সংরক্ষণ করতে হবে।

মিছিল শেষে শিক্ষার্থীরা গাছের কফিন সম্বলিত গাছের গুঁড়িটি উপাচার্যের বাসভবনের ফটকের সামনে রেখে আসেন।