২৭ মার্চ ২০২১, ২১:২৭

ঢাবির ২ সাংবাদিকের ওপর হামলা; বিচার দাবি বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোর প্রতিনিধি আসিফ হাওলাদার ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেলের ওপর ছাত্রলীগের সঙ্ঘবদ্ধ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনগুলো। শুক্রবার ও শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতিসহ দেশের প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের শামিল। আমরা মনে করছি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালানো হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি এবং নিজেদের জবাবদিহিতার ঊর্ধ্বে ভাবার কারণে এমন হিংস্র হয়ে উঠছে কতিপয় ছাত্রলীগের নেতাকর্মী। শুধু হিংস্রতায় শেষ দেখছি না বরং হামলা, নির্যাতনের পর আবার গৌরবের সাথে তা স্বীকার করার প্রবণতাও দেখা যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে এসে ছাত্রলীগের এমন আচরণ জাতির জন্য লজ্জাজনক।

সাংবাদিক নেতৃবৃন্দ হামলার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মরত সাংবাদিকরা। পাশাপাশি জবাবদিহিতামূলক ক্ষমতা কাঠামাে গড়ে তুলতে রাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন বিক্ষোভ ডাকে। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা বর্বরোচিত হামলার স্বীকার হন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেল।