জাহাঙ্গীরনগরে বর্ণিল আয়োজনে মুজিব বর্ষ উদযাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র-শিক্ষক সংগঠন বর্ণিল আয়োজনে উদযাপান করেছে মুজিব বর্ষ-২০২১। বুধবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে এ উদযাপন শুরু করেন বিভিন্ন পন্থী শিক্ষক ও ছাত্র সংগঠক বৃন্দ।
প্রথমত সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপাচার্যের পক্ষে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণ।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, প্রভোস্ট কমিটি, অফিসার সমিতি, ছাত্র-শিক্ষক কেন্দ্র, বিভিন্ন হল ও বিভাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এদিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপাচার্য অনলাইনে যুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল সংলগ্ন খেলার মাঠ উদ্বোধন করেন। এছাড়া বেলা ১১টায় তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার ছোট হলেও এর বিশালত্ব অনেক। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করার এখানে অনেক তথ্য-উপাত্ত পাওয়া যাবে। নবীন গবেষকদের মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত চিন্তা-ভাবনা বেরিয়ে আসবে। উপাচার্য বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভযাত্রা কামনা করেন।
এর আগে, সরকারি কর্মসূচির অংশ হিসেবে ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং বাদ আছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা এবং দেশের কল্যাণে দোয়া করা হয়।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ মুজিব বর্ষ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে।