একদিনের জন্য চবি উপাচার্য হচ্ছেন অধ্যাপক মহীবুল আজিজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজকে। আগামী ২৯ এপ্রিলের জন্য তাকে অতিরিক্ত এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (পাবলিক বিশ্ববিদ্যালয়) মো. নূর ই আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শিরীন আখতার নিয়মিত চাকরির বয়স পূর্ণ হয়ে যাওয়ায় অবসর নিতে আগামী ২৯ এপ্রিল তাঁর মূল কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ফিরে যেতে বলা হয়েছে। পরদিন থেকে শিরীন আখতার পুনর্নিয়োগ পেয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন বলে জানা গেছে।
নির্দেশনায় আরও বলা হয়, একইদিনে অফিস সময়ে উপাচার্য পদে যোগদানের অনুমতি এবং শিরীন আখতার তাঁর অনুপস্থিতিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্যকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।