আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করবে জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আহত জাবি শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সংঘর্ষে আহত শিক্ষার্থীদের প্রতি কর্তৃপক্ষ সমবেদনা জানাচ্ছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৬ মার্চ সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ এবং সকল ধরনের অনুষ্ঠান ও জমায়েত নিষিদ্ধ, সংক্রান্ত সিদ্ধান্ত এখনও বহাল আছে। এমতাবস্থায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিছিল, জমায়েত, আবাসিক হলের তালা ভাঙ্গা সিন্ডিকেট গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানাচ্ছেন। সরকারের সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলার ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া বাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে জাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়। এ সময় স্থানীয়দের বিরুদ্ধে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল ও শিক্ষার্থীদের বিরুদ্ধে বেশকিছু দোকান ভাংচুর করার অভিযোগ ওঠে।