২০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৬

রাতে হলে অবস্থান করার ঘোষণা আন্দোলনকারীদের

  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর আবাসিক হল খোলা দাবিতে আল্টিমেটাম শেষ হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত দেয়া এ আল্টিমেটামের পর শিক্ষার্থীদের আন্দোলনে এসে কথা বলেন শিক্ষকরা। 

তবে শিক্ষার্থীদের দাবি না মানায় তারা ক্যাম্পাসে ফের বিক্ষোভ শুরু করছেন। এসময় আন্দোলনকারীদের ‘এক দফা এক দাবি, আজকেই হল খুলে দিবি’ স্লোগান দিয়ে একে একে সব হলের প্রধান ফটকের তালা ভাঙা শুরু করেছেন।

বেলা সাড়ে ১২টার পর আল-বেরুণী হল এবং ফজিলাতুন্নেসা হলের তালা ভাঙে তারা। এরপর একে একে ফজিলাতুন্নেছা হল, নওয়াব ফয়জুন্নেসা হল, শেখ হাসিনা হল, জাহানারা ইমাম এবং সবশেষ প্রীতিলাতা হলের প্রধান ফটকের তালা ভাঙেন আন্দোলনকারীরা।

এদিকে দুপুর সোয়া ১টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে এক শিক্ষার্থী মাইকে ঘোষণা দিয়ে আজ রাতে হলে অবস্থান করার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, আমরা যে যার হলে আজ রাতে থাকবো। তবে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কম হওয়াতে তারা সবাই একটি হলে থাকবেন। তাদের সব ধরনের নিরাপত্তার দায়িত্ব ছেলেরা দেবেন।