জাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহতের সংখ্যা বাড়ছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া গ্রামের স্থানীয় অধিবাসীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড গুলি নিক্ষেপ করেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত পৌনে দশটা) সংঘর্ষ চলমান রয়েছে। এসময় ঘটনাস্থলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কলে জানিয়েছে কয়েকজন প্রত্যক্ষদর্শী
সংঘর্ষ চলাকালে তিনটি মোটরগাড়ি এবং গেরুয়া বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। উত্তেজনা বৃদ্ধিতে স্থানীয় মসজিদগুলোতে জোরপূর্বক মাইকিং করে লোকসমাগম করা হয় বলে অভিযোগ এসেছে।এদিকে, সংঘর্ষের এই ঘটনার সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আহতের সংখ্যাও। শেষ খবর পাওয়া পর্যন্ত দু'পক্ষের আহতের সংখ্যা অর্ধশতাধিকেরও বেশি।
রাত ১০টার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ডাক্তার মাহবুব বলেন, আমরা এখন পর্যন্ত ৩০ জনের বেশি শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছি। তাদের অধিকাংশই মাথা, হাত, পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় জখম পেয়েছে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া দুইজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, স্থানীয়দের হামলার তিন ঘণ্টা অতিবাহিত হয়েছে। কিন্তু এখনও ১২ জনের বেশি পুলিশ ঘটনাস্থলে আসেনি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন এ বিষয়টি সমাধান করতে না পারলে শিক্ষার্থীরা বড় ধরনের হুমকির মুখে পড়বেন।
শিক্ষার্থীরা আরও বলেন, হল বন্ধ থাকায় আমরা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সুষ্ঠু সমাধান না করলে এ শিক্ষার্থীরা কোথায় যাবে?
স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা। এরপর রাত সাড়ে ৭টার দিকে এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
শিক্ষার্থীদের অভিযোগ, গেরুয়া এলাকার মেসে এখনো অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আটকা আছে। তাদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিষ্ক্রিয়। তাই আমাদের সহপাঠীদের উদ্ধারের জন্য আমাদের মাঠে নামতে হচ্ছে।
এর আগে, মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে বের হওয়ার আহ্বান জানায় এলাকাবাসী।