১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১১

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

  © প্রতীকী ছবি

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ২১ মে
আগামী ২১ মে ক ইউনিটের পরীক্ষা মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

২০ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ জুন থেকে
১৯ জুন থেকে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ১৯ জুন, ২৬ জুন ৩ ও ১০ জুলাই তিনটি ইউনিটের পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়েছে।

বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জুন, প্রকৌশল গুচ্ছের ১২ জুন
আগামী ১০ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ১২ জুন প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, রুয়েট ও কুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৯ মে
আগামী ২৯ মে দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাবি ভর্তি পরীক্ষা শুরু ৬ জুন
আগামী ৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। চলবে ২০ জুন পর্যন্ত। জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা জানান, বুধবার উপাচার্য পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। ২০ জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে। এছাড়া ভর্তি পরীক্ষা শুরুর একমাস আগে অর্থ্যাৎ মে মাস থেকে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে।

বুটেক্সের ভর্তি পরীক্ষা ১৮ জুন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন নেয়ার প্রস্তাব করা হয়েছে। 

নির্ধারণ হয়নি চবি-রাবির ভর্তি পরীক্ষার তারিখ
বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। সভা শেষে পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা জানিয়েছেন।

বিইউপিতে ভর্তি পরীক্ষা ২৬-২৭ ফেব্রুয়ারি
আগামী ২৬ ও ২৭ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪ থেকে ৫ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন ভর্তি পরীক্ষা হবে।