প্রেস ব্রিফিংয়ে আসছেন ঢাবি ভিসি
স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কেন্দ্রীয় শহীদ মিনারে এবার অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদ্যাপন করা হবে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের ব্রিফিং প্রদান করবেন।
বিকেল ৩টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এটির আয়োজন করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামান।
সভায় জানানো হয়, অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে জনসমাগম এড়ানাের জন্য এবছর সংগঠন পর্যায়ে একটি ব্যানারের অধীনে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২ জন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে।