ঢাবিতে ভর্তি জালিয়াতের দায়ে বহিষ্কৃত হচ্ছেন যারা
ভর্তি জালিয়াতি ও অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিতে জড়িত থাকার দায়ে ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কারের এই সুপারিশ আগামী সিন্ডিকেট সভায় উঠলে তাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন, ফজলুল হক মুসলিম হলের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মাকসুদুর রহমান, কবি জসিম উদ্দিন হলের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র রিজন আহমেদ, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী আয়েশা আক্তার তামান্না, কবি জসিম উদ্দিন হলের ফিন্যান্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র শাহ মেহেদী হাসান, স্যার এ এফ রহমান হলের ইতিহাস বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ছাত্র মুহাইমিনুল ইসলাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দর্শন বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র আশরাফুল আলম এবং অমর একুশে হলের ভূগােল ও পরিবেশ বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ছাত্র মােঃ শাহেদ আহমেদ৷
এ বিষয়ে ঢাবি প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ২০১৩-১৪ সেশন থেকে শুরু করে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় এসব শিক্ষার্থী ভর্তি জালিয়াতি ও অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হয়েছেন। আজকের শৃঙ্খলা কমিটির বৈঠকে ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।