১০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৯

আপত্তির ১ কোটি ৭০ লাখ টাকা ফেরতের সুযোগ নেই : ঢাবি শিক্ষক সমিতি

  © সংগৃহীত

বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেওয়া শ্রান্তি বিনোদন ভাতা, গবেষণা ভাতা, ক্যাম্পাসের বাইরে বসবাসরত শিক্ষকদের যাতায়াত ভাড়া ও মাঝারি মানের বাসায় কম ভাড়া দেওয়ার সুযোগ আইনি কাঠামোর মাধ্যমেই হয়েছে দাবি করে এগুলো ফেরত নেয়ার বা প্রত্যাহারের সুযোগ নেই বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ বুধবার ১০ ফেব্রুয়ারি এক বিবৃৃতিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে এই দাবি করা হয়।

নিয়ম না থাকার পরেও প্রতিষ্ঠানের তহবিল থেকে শিক্ষক-কর্মচারিদের আয়কর পরিশোধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে গত ৪ ফেব্রুয়ারি অডিট আপত্তি দিয়েছে সরকারের হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। ২০১৩-১৪ অর্থবছরের ওই আর্থিক অনিয়মের জন্য এক কোটি ৭০ লাখ তিন হাজার ৭৮১ টাকার অডিট আপত্তি হয়।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক. ড. মো. রহমত উল্লাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক বিবৃৃতিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংসদীয় কমিটির বরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক বিভিন্ন সময়ে বিষয়টিকে আর্থিক অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে।’

শিক্ষক সমিতি জানিয়েছে, সময়ের চাহিদা অনুযায়ী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে আইনগত ক্ষমতাবলে উল্লেখিত ভাতাসমূহ দেওয়া হয়েছে।

এর বিরুদ্ধে কোনো প্রকার সিদ্ধান্ত নিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মেনে নেবে না বলে জানানো হয়। এ বিষয়ে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ করে গভীর উদ্বেগ প্রকাশ করে শিক্ষক সমিতি।

বিবৃতিতে আরো বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ মুক্তবুদ্ধি চর্চা ও মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩' প্রণয়ন করেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বদাই সমুন্নত রাখতে সচেষ্ট আছে এবং থাকবে।’

সাম্প্রতিককালে প্রশাসনিক পর্যায়ের কারো কারো বক্তব্যে ও কর্মকান্ডে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে অবজ্ঞা করার এক অপ্রত্যাশিত প্রবণতা লক্ষ করা যাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের মনোভাব পোষণকারীদের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজ অতীতের ন্যায় সর্বদা সচেতন রয়েছেন। শিক্ষক সমিতি এ ধরনের সকল ষযন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

২০১৩-১৪ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মচারীদের এক কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ৮৩৬ টাকা শ্রান্তি বিনোদন ভাতা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় ২০১০ সালে স্বশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই ভাতা রহিত করলেও তা দেয় বিশ্ববিদ্যালয়। এ জন্য আর্থিক ক্ষতি ভাতাপ্রাপ্তদের কাছ থেকে আদায় করার সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি।