০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩২

শতভাগ পাস করায় ৪৫ হাজার বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসবে: রাবি ভিসি

  © টিডিসি ফটো

আগামী ৭ মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে প্রাথমিক এ আবেদন চলবে ১৮ মার্চ পর্যন্ত। তিন ইউনিট থেকে চূড়ান্তভাবে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে শুরু হওয়া ভর্তি সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেন প্রশাসন।

সভা শেষে উপাচার্য জানান, এবার উচ্চ মাধ্যমিকে পাশের হারের কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষার আবেদন সংখ্যা ইউনিট প্রতি ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪৫ হাজার করা হয়েছে। তবে সেকেন্ড টাইমের সুযোগ থাকছে না।

এবারের ভর্তি পরীক্ষায় লিখিত থাকছে না উল্লেখ করে তিনি বলেন, ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় মূল্যায়ন করা হবে। যেখানে প্রশ্ন থাকবে ৮০টি। তাতে নেগেটিভ মার্কি থাকবে না। তবে এবার থাকছে না কোন লিখিত প্রশ্ন। থাকবেনা জিপিএ নম্বরও। 

ভর্তি পরীক্ষায় পূর্বের ন্যায় A, B, C মোট তিনটি ইউনিটে হবে। যেখানে ৪৫ হাজার করে মোট ১ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থীকে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। যেটা পূর্বে প্রতি ইউনিটে ৩০ হাজার করে মোট ৯০ হাজার ছিল, এবার সেটা বৃদ্ধি করা হয়েছে, যোগ করেন তিনি।