ঢাবির বিভিন্ন বিভাগের পরীক্ষা নিয়ে ধোঁয়াশা, জানেন না উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত হওয়া না হওয়া নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন সাময়িকভাবে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবার কেউ বলছেন পরীক্ষা স্থগিত করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন শিক্ষার্থীরাও। বিষয়টি নিয়ে অনুষদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সঙ্গে অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের বৈঠকের পর থেকেই পরীক্ষা স্থগিত হওয়া না হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
বিষয়টি নিয়ে বৈঠকে উপস্থিত একাধিক চেয়ারম্যানের সাথে কথা বললে তারাও সঠিকভাবে কিছু জানাতে পারেননি। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান।
পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে জানতে চাইলে ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেভিন ফরিদা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলা অনুষদ থেকে পরীক্ষার যে সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে। ওটা ফাইনাল কোনো সিদ্ধান্ত ছিলো না। শুধুমাত্র খসড়া একটি রুটিন ছিলো।
তবে পরীক্ষা স্থগিত করা হয়নি বলে দাবি করেছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা স্থগিত করা হয়নি। ডিন স্যার বলেছেন, কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে। তবে কোনো শিক্ষার্থী যেন পরীক্ষায় অনুপস্থিত না থাকে সে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে নিশ্চিত করতে হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামছুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের মিটিংয়ে সব বিভাগের চেয়ারম্যান বলেছেন, আবাসিক হল খোলার পর শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায়। তাই যে সময়ে পরীক্ষা আয়োজনের কথা ছিল সেটি হচ্ছে না।
সার্বিক বিষয়ে জানতে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।