০১ জানুয়ারি ২০২১, ১৭:০৪

ঢাবির শতবর্ষ উপলক্ষে আলোকচিত্র আহবান

ঢাবির শতবর্ষের লোগো ও ঢাবির লোগো  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন ফটোগ্রাফ বা আলোকচিত্রের মাধ্যমে শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক, একাডেমিক, সাংস্কৃতিক, খেলাধুলা, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড, নান্দনিক ও ঐতিহ্যিক স্থাপনার আলোকচিত্র/ফটোগ্রাফ সংগ্রহের কাজ চলছে।

শুক্রবার (১ জানুয়ারি) ঢাবির জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগৃহীত ছবিসমূহ থেকে বাছাইকৃত ছবিসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েব পেজে প্রকাশিত হবে এবং অ্যালবাম আকারে ছাপা হবে।

“কারও কাছে এ ধরণের দুর্লভ আলোকচিত্র/ফটোগ্রাফ থাকলে তা ক্যাপশন ও আলোকচিত্রীর নাম ঠিকানাসহ নিন্মোক্ত ই-মেইল নাম্বারে ইমেইল করে বা হার্ডকপি সরাসরি/কুরিয়ারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে প্রেরণের অনুরোধ করা হল। আলোকচিত্রীর নাম ছবির পাশে কৃতজ্ঞতাসহ উল্লেখ করা হবে।”

জাতীয় এই প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সকলের সদয় সহযোগিতা কামনা করা হয়েছে।

ছবি পাঠানোর ঠিকানা: du100photography@du.ac.bd
সরাসরি: রুম-২১১, জনসংযোগ দফতর, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
মোবাইল নং: ০১৬৭৩-৯১৬২৩৫