২৭ ডিসেম্বর ২০২০, ১৭:৪১

ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত ১৫ জানুয়ারির পর

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর নেয়া হবে। এই বিষয়ে এখনও ডিনস কমিটিতে কোনো আলোচনা হয়নি। তবে মধ্য জানুয়ারির পর সার্বিক বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাবি’র ভর্তি পরীক্ষা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।

অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। এইচএসসি রেজাল্ট প্রকাশের পর ডিনস কমিটি বৈঠকে বসেন। সেখানে ভর্তি পরীক্ষা কবে নেয়া হবে, কীভাবে নেয়া হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এইচএসসি’র ফল প্রকাশসহ সবকিছু ঠিক থাকলে ১৫ জানুয়ারির পর বৈঠক করে কমিটি সিদ্ধান্ত দেবে বলে আভাস দেন তিনি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনার্সের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা এইচএসসির ফলাফলের ওপর নির্ভর করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত বিশ্ববিদ্যালয় পরিষদ সমন্বয় করেই পরীক্ষার তারিখ নির্ধারণ করে। সেটা সমন্বয় করেই করা হবে। তবে ফলাফলের আগে সেটা হবে না।

ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। সবকিছুই নির্ভর করছে এইচএসসি রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে সেটির উপর। রেজাল্ট প্রকাশের পর ডিনস কমিটির বৈঠকে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে।