এইচএসসি ফলের ওপর ঝুলে আছে ঢাবির ভর্তি পরীক্ষা
উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ফলাফলের ওপর ঝুলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের অনার্স (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। চলতি মাসে এই ফলাফল ঘোষণার কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রকাশ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। কবে নাগাদ সে ফল প্রকাশ করা হবে তা এখনো চূডান্ত নয়। রীতি অনুযায়ী উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরে ভর্তি প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচির সাথে সমন্বয় করে ভর্তি পরীক্ষা গ্রহণের রূপরেখা প্রণয়ন করে অন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে এইচএসসির ফল ঘোষণা না হওয়ায় এখনো পরীক্ষার দিনক্ষণ শুরু করেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। সবকিছুই নির্ভর করছে এইচএসসি রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে সেটির উপর। রেজাল্ট প্রকাশের পর ডিনস কমিটির বৈঠকে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে।
বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে একরকম থমকে আছে জনজীবন। শিক্ষা ব্যবস্থার ওপর এই স্থবিরতা আরো বেশি পরিলক্ষিত হচ্ছে। করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে বাতিল করা হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর আগে বাতিল করা হয় পিএসসি ও জেএসসি পরীক্ষাও। তবে এইচএসসি পরীক্ষা নিতে না পারায় জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গড় করে ফলাফল ঘোষণা করার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।
চলতি ডিসেম্বরের মধ্যেই এ ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল। তবে নীতিমালা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় চলতি মাসে সে ফল প্রকাশ সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, আগামী জানুয়ারির শুরুর দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নীতিমালা এখনো অনুমোদন না করায় ডিসেম্বরে ফল প্রকাশ করা সম্ভব হবে না। তবে নীতিমালা অনুমোদন হলে এক সপ্তাহের মধ্যে ফলাফল তৈরির কাজ শেষ করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে এইচএসসির ফলাফলেই আটকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণের কার্যক্রম। একই কারণে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তি পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা সম্ভব হয়নি। ফলে এইচএসসির ফলের ওপরেই ঝুলে আছে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কার্যক্রম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি মাসের ২৫ ডিসেম্বরে এইচএসসির ফলাফল ঘোষণার কথা ছিলো কিন্তু তা সম্ভব হয়নি। ফলাফল ঘোষণা না করলে ভর্তির পরীক্ষার সময়সূচি নির্ধারণ হয় না। কারণ এর সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত।
তিনি বলেন, এইচএসসির ফলাফলের স্বচ্ছতা ও নিশ্চয়তার ওপর নির্ভর করবে এর গ্রহণযোগ্যতা। আর ফল ঘোষণার আগে বলা যায় না কবে নাগাদ পরীক্ষা নেয়া হবে। কারণ শিক্ষার্থীদের রেজাল্ট নিয়ে অনেক সময় সমস্যা থাকে। সেটা সমাধান করাও অনেকের জন্য সময় সাপেক্ষ ব্যাপার। সবকিছু সমাধান করে তারপর তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে হয়। এ কারণে ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তির তারিখ ঘোষণা করা সম্ভব হয় না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণের বিষয়ে ভর্তি কমিটির এখনো কোনো বৈঠক বসেনি।
এ প্রসঙ্গে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনার্সের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা এইচএসসির ফলাফলের ওপর নির্ভর করে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত বিশ্ববিদ্যালয় পরিষদ সমন্বয় করেই পরীক্ষার তারিখ নির্ধারণ করে। সেটা সমন্বয় করেই করা হবে। তবে ফলাফলের আগে সেটা হবে না।
ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো আলোচনা করা হয়নি। শুনেছি ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে না। মধ্য জানুয়ারিতে এই ফলাফল প্রকাশ হতে পারে। রেজাল্ট প্রকাশের পর কবে পরীক্ষা নেয়া যায় সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।