সবুজ পাহাড়ে ঘেরা ক্যাম্পাস বছরজুড়ে সুনসান নীরবতা
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্যান্য ক্যাম্পাসের ন্যায় ২০২০ সালের প্রায় সময়টা বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। শিক্ষার্থীদের পদচারণায় নিত্য কোলাহলমুখর সবুজ পাহাড়ে ঘেরা এ ক্যাম্পাসে সুনসান নীরবতা বিরাজ করছে বছরের অধিকাংশ সময় ধরে। তবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সশরীরে উপস্থিতি না থাকলেও অনলাইনে চলেছে পাঠদান।
প্রতি বছরের ন্যায় সদ্য বিদায় নিতে যাওয়া ২০২০ সালেও নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। সবচেয়ে বেশি আলোচনায় ছিলো গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ব্যানারে শহীদ মিনারের ছবি ব্যবহার করা নিয়ে। এছাড়াও করোনার মধ্যে আটকে থাকা অসমাপ্ত পরীক্ষাগুলো নেওয়ার বিষয়টিও আলোচিত হয়েছিল। তাছাড়া উপাচার্য থেকে শুরু করে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বছরের এমনই কিছু আলোচিত ও সমালোচিত ঘটনা নিচে উল্লেখ করা হলো:
চবি ওয়েবসাইট হ্যাক:
ভারতীয় হ্যাকারদের দ্বারা বছরের শুরুতেই (২৫ জানুয়ারি) হ্যাক হয় চবির অফিসিয়াল ওয়েবসাইট। তবে হ্যাক হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইট নিজেদের নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। পরে, তথ্য যাচাই-বাছাইয়ের জন্য কিছুক্ষণ বন্ধ রেখে পুনরায় চালু করা হয় এ ওয়েবসাইট।
চবির পাহাড়ে ছিনতাই:
গত ১০ ফেব্রুয়ারি চবির টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয় চবির ১৬ নবীন শিক্ষার্থী। এসময় তাদের কাছ থেকে ১১টি স্মার্ট ফোন, একটি স্বর্ণের চেইন ও প্রায় পাঁচ হাজার নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ছাত্রলীগের সংঘর্ষ:
পৃথক ঘটনায় অন্তত চারবার নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে চবি ছাত্রলীগ। ভাঙচুর করা হয় আবাসিক হলের প্রায় ৮৭টি কক্ষ। ক্ষয়ক্ষতি হয় প্রায় ছয় লাখ টাকা। এতে প্রায় শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পরে সমঝোতার মাধ্যমে সবাইকে ছেড়ে দেওয়া হয়। যদিও এসব সংঘর্ষের দায় এড়িয়েছেন শাখা ছাত্রলীগ সভাপতি।
ঠিকাদারকে ছাত্রলীগের চাঁদা দাবি:
চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের হুমকির মুখে গত জুনে নির্মাণকাজ বন্ধ রাখা হয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের নতুন একাডেমিক ভবনের। যদিও এ অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগের হামলার শিকার ছাত্রদল:
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ফুল দিতে ক্যাম্পাসে আসলে ছাত্রদল নেতাকর্মীদের মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তাদের মানিব্যাগ ও মোবাইল ছিনতাই করারও অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগের এক নেতা বলেছেন, ছাত্রদলের ব্যানারে শিরিবের নেতাকর্মীরা ফুল দিতে আসলে তারা প্রতিহত করেছে।
ছাত্রী উত্ত্যক্তের দায়ে ছাত্র বহিষ্কার:
চবি ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী প্রবীর ঘোষকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। গত ৮ মার্চ শিক্ষার্থীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেয় চবি প্রশাসন।
এর আগে গত ১ মার্চ হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একই অপরাধে ওই ছাত্রকে এক মাসের কারাদণ্ড দেয়। তবে সাজা প্রাপ্তির ৩ দিনের মাথায় জামিন নিয়ে বের হয়ে আসে প্রবীর ঘোষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনার প্রভাব–
সভা-সমাবেশ নিষিদ্ধ:
করোনার প্রকোপ বাড়তে থাকায় গত ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার র্যাগ ডে, নবীন বরণ, সভা-সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি বন্ধ রাখার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
চবির হলে ইতালি-ফেরত যুবক:
গত ১৫ মার্চ দিবাগত রাত দুইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল থেকে ইতালি ফেরত এক যুবক সহ ছয় জনকে উদ্ধার করে প্রশাসন। পরে, তাৎক্ষণিকভাবে তাদের ফৌজদারহাটে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি:
করোনাভাইরাসের কারণে গত ১২ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় চবির ক্লাস-পরীক্ষা। পরে, বিরূপ পরিস্থিতির কারণে দুই ধাপে ২১ দিন লকডাউনে রাখা হয় চবি ক্যাম্পাস।
চবিতে করোনা ল্যাব:
বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে গত ২৭ মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক চিঠিতে করোনার নমুনা পরীক্ষার অনুমোদন পায় চবি। জীববিজ্ঞান অনুষদের সেন্ট্রাল বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে এই টেস্ট শুরু করে চবি। ভিডিও কনফারেন্সে এ ল্যাবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
করোনায় আক্রান্ত চবি উপাচার্য:
গত ১৩ জুলাই উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আকতারসহ তাঁর মেয়ে ও মেয়ের তিন সন্তান করোনায় আক্রান্ত হন। এর কিছুদিন পরে চিকিৎসকের পরামর্শে সবাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
অনলাইনে পাঠদান শুরু:
গত ৬ সেপ্টেম্বর চবিতে শুরু হয় অনলাইন ক্লাস। ক্রমান্বয়ে সব বিভাগ এই কার্যক্রমে অংশ নেয়। যদিও কিছু বিভাগে আগের তুলনায় শিক্ষার্থী উপস্থিতি কমেছে। তবুও, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এখনো চলছে এই পাঠদান প্রক্রিয়া।
অনলাইন ক্লাসে অংশ নিতে অসচ্ছল শিক্ষার্থীদের ইউজিসি কর্তৃক 'সফট লোন' প্রদান কার্যক্রম এখনো চলমান রয়েছে চবিতে। এছাড়া ক্লাসে উপস্থিতি বাড়াতে গত নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ১৫ জিবি ডাটা প্রদান করা হচ্ছে।
কেন্দ্রীয় গ্রন্থাগারে চুরি:
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রতিবন্ধী ই-লার্নিং সেন্টার থেকে ১৪টি কম্পিউটার মনিটর এবং চারটি সিপিইউ চুরির ঘটনা ঘটে। আরও চারটি সিপিইউ পরিত্যক্ত অবস্থায় গ্রন্থাগারের পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। গত ২১ এপ্রিল সন্ধ্যায় বিষয়টি জানতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়।
৩৫১ কোটি টাকার বাজেট ঘোষণা:
গত ১৩ সেপ্টেম্বর চবির ২০২০-২১ অর্থবছরের ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়সহ ৫১৪ কোটি ১৩ লাখ টাকা চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৩৫১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নিজস্ব আয় থেকে প্রস্তাবিত বাজেটে ১৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। ঘাটতি ধরা হয় পাঁচ কোটি ৫৫ লাখ টাকা।
রেজিস্ট্রার ও প্রক্টরের পালাবদল:
গত ২৯ জুন পৃথক দুই অফিস আদেশের মাধ্যমে রেজিস্ট্রার ও প্রক্টর পদের পালাবদল ঘটে। এসময় আগামী দুই বছরের জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দ্বায়িত্ব পান সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এম. মনিরুল হাসান ও এক বছরের জন্য প্রক্টরের দ্বায়িত্ব পান প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া।
চবি ঝর্ণায় যুবকের মৃত্যু:
গত ১৩ জুলাই পা পিছলে চবি ক্যাম্পাসস্থ ঝর্ণায় পড়ে গিয়ে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়। পরে তাকে মৃত অবস্থা উদ্ধার করে হাটহাজারী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ওই যুবকের নাম সাইফুর রহমান মুন্না। সে হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।
আটকে থাকা পরীক্ষা গ্রহণে সিদ্ধান্ত:
শিক্ষার্থীদের দফায় দফায় মানববন্ধন, স্মারকলিপি প্রদানের মুখে গত ১৫ নভেম্বর আটকে থাকা পরীক্ষা গ্রহনের ব্যাপারে সিদ্ধান্ত নেয় চবি কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী চতুর্থ বর্ষের অসমাপ্ত পরীক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়। ইতোমধ্যেই বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।
চবি উপাচার্যের রোকেয়া পদক প্রাপ্তি:
নারী জাগরণে বিশেষ অবদান রাখায় ‘বেগম রোকেয়া পদক-২০২০’ এর জন্য মনোনীত হন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি গত ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক প্রহন করেন।
বিজয় দিবসের ব্যানারে শহীদ মিনারের ছবি:
এ বছর চবির অন্যতম আলোচিত বিষয় ছিল বিজয় দিবস উদযাপনের ব্যানারে শহীদ মিনারের ছবি। এ ঘটনাকে চবি উপাচার্য ষড়যন্ত্রের অংশ বলেছেন। এ ঘটনায় ব্যানার তৈরির দ্বায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলমকে উপাচার্য দপ্তর থেকে পরিষদ শাখায় বদলি করা হয়।