১৪ ডিসেম্বর ২০২০, ২২:১৩

রাবি ভিসির মেয়ে ও জামাতার নিয়োগ কেন বাতিল হবে না: শিক্ষা মন্ত্রণালয়

রাবি ভিসি, মেয়ে ও জামাতা  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান প্রশাসনের অনিয়ম-দুনীর্তির বিরূদ্ধে অ্যাকশনে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির সকল পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেয়ার পর আজ সোমবার (১৪ ডিসেম্বর) বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

এর মধ্যে একটি খোদ ভিসির স্বজনপ্রীতি নিয়ে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, উপাচার্য প্রফেসর এম আব্দুস সােবহানে মেয়ে ও জামাতার নিয়োগ কেন বাতিল হবে না, তাঁর ব্যাখ্যা আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলাে।

ওই চিঠিতে বলা হয়, “উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৫ শিথিল করে পরিবর্তিত নীতিমালা ২০১৭ অনুযায়ী উপাচার্য প্রফেসর এম আব্দুস সােবহান তাঁর মেয়ে জনাব সানজানা সােবহানকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং জামাতা জনাব এ টি এম শাহেদ পারভেজকে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এ প্রভাষক পদে নিয়ােগ দিয়েছেন। উপাচার্যের এরূপ স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং শিক্ষা ও গবেষণার মান নিম্নগামী করার ব্যবস্থা করা হয়েছে।

এমতাবস্থায়, উক্ত নিয়ােগ কেন বাতিল করা হবে না তাঁর ব্যাখ্যা আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলাে।”

এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, প্রশাসনিক কারনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।