০৭ ডিসেম্বর ২০২০, ২২:৫৫

সৃজনশীল শিল্প প্রকাশের মাধ্যম হলো ভাস্কর্য: ঢাবি ভিসি

  © সংগৃহীত

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত এ কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সৃজনশীল শিল্প প্রকাশের মাধ্যম হলো ভাস্কর্য। ভাস্কর্যবিদ্যা বাধাগ্রস্ত হলে মানবিকতাও বাধাগ্রস্ত হয়। সভ্যতাবিরোধী এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর হওয়া বাঞ্ছনীয়। তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ, সিনেট সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহমেদ, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁঁইয়া প্রমুখ।