‘তোর খবর করে দিব’— চিঠি দিয়ে রাবি অধ্যাপককে জীবননাশের হুমকি
বেনামী পত্রে চিঠি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপককে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে আজ রবিবার (৬ ডিসেম্বর) তিনি মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-২৩৯।
হুমকি পাওয়া ওই শিক্ষকের নাম ড. মু. আলী আসগর। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক।
জিডিতে ড. মু. আলী আসগর উল্লেখ করেছেন, আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের মাধ্যমে আমার জীবননাশের হুমকি দিয়ে একটি বেনামী পত্র পাই। সেখানে লেখা আছে ‘যতই মামলা করিস তার কোন লাভ হবে না। এটা মনে রাখিস তোর লোকরে চাকরী হবে না আসগর। তোর খবর করে দিব। সাবধান থাকিস তোরে ঘিরে আছি আমরা। চুপ থাক না হলে বাচবি না। তোরে খামু তোর মামলাও খামু’।
এ বিষয়ে ড. মু. আলী আসগর বলেন, চিঠিটি পেয়ে নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মতিহার থানায় (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) আজ আমি জিডি করেছি।
এ বিষয়ে মতিহার থানায় ডিউটি অফিসার এস আই আব্দুল মোতালেব বলেন, বেনামী পত্রে চিঠি দিয়ে উনাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এ প্রেক্ষিতে আজ থানায় একটি জিডি করেছেন।