ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা
বিকাল তিনটার পর শিক্ষার্থীদেরসহ জনসাধারণের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে এ বিষয়ে সরব হয়েছেন তারা।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিনোদপুর গেট হয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় বাধার সম্মুখিন হন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। এ নিয়ে রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামক ফেসবুক গ্রুপে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি জানান, শিক্ষার্থী পরিচয় দিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন শিক্ষককে ফোন করে তিনি বিসয়টি জানান। পরবর্তীতে ওই শিক্ষক পুলিশের কাছে তার সাংগঠনিক পরিচয় জানিয়ে প্রবেশ করতে দিতে বলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, কাজলা ও বিনোদপুর গেটে এ বিষয়ে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এদিন সন্ধ্যা থেকে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে দেখা গেছে।
ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞায় ফেসবুকে শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়াপ্রশাসনের এ সিদ্ধান্তকে হটকারী উল্লেখ করে মিশু বলেন, আজ (শুক্রবার) বিকাল তিনটার পর ক্যাম্পাসে ঢুকবো। যদি বাধা দেওয়া হয় তবে বাইরে থেকে গেটে তালা ঝুলিয়ে দিবো। যদি আমরা ঢুকতে না পারি, তবে তিনটার পর তাদেরও বের হওয়ার দরকার নাই।
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হুমায়ুন কবির রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপে পোস্ট দিয়ে অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুনলেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ স্থানীয় হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সম্প্রতি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বেড়েছে। এরা এখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে তারা। এতে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকাল তিনটার পর ক্যাম্পাসে শিক্ষার্থীসহ সাধারণের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।