‘ঘ’ ইউনিট বহালের পক্ষে সাদেকা হালিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ও ‘চ’ ইউনিট বাতিলের প্রস্তাব করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে এই প্রস্তাবে সম্মতি জানাননি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট রাখার পক্ষেই মত দিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সাদেকা হালিম বলেন, উপাচার্য যে প্রস্তাব করেছেন আমার কাছে সেটি যৌক্তিক বলে মনে হয়নি। সেজন্য আমি ‘ঘ’ ইউনিট রাখার পক্ষেই বলেছি। আমাদের এই অনুষদে ৩০০ শিক্ষক রয়েছেন। তারাও চাইছেন ভর্তি পরীক্ষায় এই ইউনিট থাকুক। সামাজিক বিজ্ঞান অনুষদে ১৬টি বিভাগ রয়েছে। এই বিভাগ আমাদের শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি নানা সেক্টরে যাচ্ছে। তারা সেখানে ভালোও করছে।
তিনি আরও বলেন, আমি চাই আমাদের অনুষদের জন্য (সামাজিক বিজ্ঞান) স্বতন্ত্র ইউনিট হওয়া উচিত। সেটি করা সম্ভব না হলে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ নামে ভর্তি পরীক্ষার ইউনিট করতে হবে। একাডেমিক কাউন্সিলে অবশ্যই এটি নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, আজ রোবার ঢাবির ডিন’স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষা না নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে চলতি শিক্ষাবর্ষে (২০২০-২১) আগের নিয়মেই পাঁচটি ইউনিটের আওতায় পরীক্ষা নেওয়া হবে।