ঢাবিতে ভার্চুয়াল চাকরি মেলা আজ
আজ শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগিতায় ‘এফবিএস ভার্চুয়াল জব ফেয়ার ২০২০’-এর আয়োজন করেছে ম্যানেজমেন্ট অ্যালায়েন্স প্লেসমেন্ট সেন্টার। চাকরিজীবী, অভিজ্ঞ পেশাজীবী ও মেধাবী তরুণ গ্র্যাজুয়েটদের একই প্ল্যাটফর্মে আনতে এই চাকরির মেলা আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছে, বিকেল ৩টা থেকে এই ভার্চুয়াল চাকরির মেলা শুরু হবে, চলবে রাত ৯টা পর্যন্ত। ছয় ঘণ্টাব্যাপী এই অনলাইন ইভেন্টে নতুন নতুন চাকরির সুযোগ, কারিকুলাম ভিটা/রিজিওমি লেখা বিষয়ক সেশন, মানব সম্পদ প্রধানদের সাথে ক্যারিয়ার বিষয়ক আলোচনা, নেতৃস্থানীয় পেশাজীবীর সঙ্গে তাত্ত্বিক ও ব্যবহারিক অভিজ্ঞতা বিনিময়সহ আরও অনেক কিছু থাকবে।
DU FBS Placement Centre ফেসবুক পেজের মাধ্যমে এই চাকরির মেলায় যুক্ত হওয়া যাবে। এই মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নয়টি বিভাগের তিন হাজারের বেশি নতুন গ্র্যাজুয়েট, ১৭ হাজারের বেশি পেশাজীবী এতে যুক্ত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।