নুর-মামুনদের গ্রেপ্তারে ঢাবির সেই ছাত্রীর ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অব্যাহতি প্রাপ্ত আহবায়ক হাসান আল মামুনসহ ধর্ষণ মামলার সব আসামীকে গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেই ছাত্রী। এই সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আবারও নতুন কর্মসূচিতে যাবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবারর (৫ নভেম্বর) রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংবাদ সম্মেলন করে পূর্বের কর্মসূচি থেকে সরে এসে নতুন করে এই আল্টিমেটাম দেন তিনি।
সংবাদ সম্মেলনে ওই ছাত্রী বলেন, “মামলা দায়েরের প্রায় দেড় মাস হয়ে গেছে। বিভিন্ন কর্মসূচি পালন করেও সকল আসামীকে গ্রেফতার করা হয়নি। আজকে আমি সংবাদ সম্মেলন ডেকেছি দু’টি কথ বলতে। রাজু ভাস্কর্যে আমার যে কর্মসূচি ছিল, সেটা সমাপ্তি ঘোষণা করছি। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হাসান আল মামুনসহ বাকী আসামীদের গ্রেফতার না করা হলে পরবর্তীতে আমি নতুন কর্মসূচিতে যাব।”
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর ধর্ষণ ও তাতে সহায়তার অভিযোগে রাজধানীর দু’টি থানায় মামলা করেন ওই ছাত্রী। মামলা করার ১৭ দিন পরেও আসামিদের কেউ গ্রেফতার না হওয়ায় গত ৮ অক্টোবর রাজু ভাস্কর্যে পাদদেশে অনশন শুরু করেন তিনি। এরমধ্যে কয়েকবার অসুস্থ হয়ে সেখানে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান কর্মসূচির পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।