২৯ অক্টোবর ২০২০, ১৮:৫৭

স্থগিত পরীক্ষা দুই-এক মাসের মধ্যে, প্রস্তুতি নেওয়ার আহ্বান

জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থগিত থাকা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া মূল্যায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে অধিভুক্ত কলেজগুলোর স্নাতকের (সম্মান) অবশিষ্ট পরীক্ষাগুলো এক-দুই মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য পরীক্ষার্থীদের এখন থেকেই পূর্ণ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আজ বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই পরিকল্পনার কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে যারা আছেন, ধরে নেওয়া হয় এই পরীক্ষার পর তাঁরা কর্মজীবনে প্রবেশ করবেন। এখানে পরীক্ষা ছাড়া মূল্যায়ন করা বোধ হয় সঠিক হবে না। পরিস্থিতি এখনো যা তাতে মনে হচ্ছে, এঁদের পরীক্ষা নেওয়া যাবে। এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। এখানে যেহেতু সংখ্যাটি অত বড় নয় এবং কারিগরিতেও বিভিন্ন পর্যায়ে যাঁরা আছেন তাদের পরীক্ষা নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। আলাপ আলোচনা করা হচ্ছে।

দীপু মনি বলেন, আশা করছি তাদের পরীক্ষাগুলো ধীরে ধীরে নিয়ে নিতে পারব। একটু সময় হয়তো লাগবে। কিন্তু অনুরোধ করব, এখন থেকেই তাঁরা যেন পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে থাকেন। এক মাস বা দুই মাস পরে যখন পরীক্ষা হবে, তখন যেন আবার না বলেন প্রস্তুতি নিতে পারিনি।

করোনায় বেশি সমস্যায় পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীন স্নাতকের (সম্মান) চূড়ান্ত পর্বের দুই লাখ ২৬ হাজার পরীক্ষার্থী। মোট ৩১টি বিষয়ে স্নাতকের (সম্মান) চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছিল গত ১৭ মার্চ সাধারণ ছুটি ঘোষণার আগে। চূড়ান্ত পর্বে মোট আটটি তত্ত্বীয় পরীক্ষা হয়। এর মধ্যে মোটাদাগে পাঁচটি বিষয়ের পরীক্ষা করোনা বন্ধের আগেই শেষ হয়েছিল। বাকি পরীক্ষাগুলো এখন কবে নেওয়া যাবে, সেটি অনিশ্চিত।

শিক্ষামন্ত্রী বলেন, অনেকে অনুরোধ করছেন, এইচএসির মতো তাদের পাশ করানোর জন্য। আবার অনেকে অটো পাস চায় না বলেও জানিয়েছেন। কেউ কেউ বলছেন তারা যে ৫টি পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষার ভিত্তিতে তাদেরদের রেজাল্ট দিয়ে দিতে। কিন্তু এটি চূড়ান্ত একটি পরীক্ষা। শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া মূল্যায়ন হলে পরবর্তীতে চাকরি বা কর্মসংস্থানে সমস্যায় পড়তে পারেন।