০৫ অক্টোবর ২০২০, ১৭:০৯
ঢাবি প্রো-ভিসি অধ্যাপক সামাদের নিরাপত্তা চেয়ে থানায় জিডি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের বাসার গেটে তিনজন অপরিচিত লোক এসে নিরাপত্তকর্মীর কাছে প্রবেশের অনুমতি চান। তারা নিজেদের স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী পরিচয় দিয়ে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর অনুমতি না পেয়ে ফিরে যান। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরের দিন রবিবার অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান।
আজ সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সামাদ স্যারের নিরাপত্তা চেয়ে রবিবার রাতে তিনি শাহবাগ থানায় এ জিডি করেছেন।
তিনি বলেন, যেহেতু অপরিচিত কিছু লোক উনার বাসার গেটে এসে অপেক্ষা করে চলে গেছেন। তাই এখানে নিরাপত্তার বিষয়টি জড়িত রয়েছে। এজন্যই মূলত জিডি করা হয়েছে।