১২ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৯

রাবি ভিসি-প্রোভিসির অনিয়ম তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক ড. আব্দুস সোবহান ও প্রো-ভিসি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়ার বিরুদ্ধে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম আমলে নিয়ে তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি তদন্ত দল। এরই অংশ হিসেবে আগামী ১৭ তারিখ ইউজিসি কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজে’র মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক প্রফেসর ড. মো. মজিবর রহমান এই তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজে’র ৫৯ শিক্ষক এক বিবৃতি বলা হয়েছে, ইউজিসি তদন্ত কমিটি কর্তৃক আয়োজিত গণশুনানির বিরুদ্ধাচারণ করে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজে’র নামে ইউজিসিতে পত্র প্রেরণ করা হয়েছে। এটি তদন্ত কাজকে বিঘ্নিত করার অপপ্রয়াশ।

বিবৃতিতে আরও বলা হয়, দলের গঠনতন্ত্র অনুসারে প্রগতিশীল শিক্ষক সমাজের মেয়াদ গত ৩১ জুলাই শেষ হয়েছে এবং দলের সাধারণ সদস্যগণ কর্তৃক তাঁকে (মজিবর রহমান) কাজ চালিয়ে যাওয়ার কোন অনুমোদন দেওয়া হয়নি।

“এই রকম একটি স্পর্শকাতর বিষয়ে দলীয় সদস্যদের সম্মতি গ্রহণ না করে বর্তমানে দুর্নীতি ও অনিয়মে নিমজ্জিত প্রশাসনের পক্ষ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত এবং ইউজিসি কর্তৃক এই তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টায় দলের কথিত অবস্থান (প্রকৃতপক্ষে দলের সদস্যবৃন্দ এই বিষয়ে অবহিত নন) জানিয়ে গত ৩০ আগস্ট ইউজিসিতে একটি পত্র প্রেরণ করেছেন, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, আমরা মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক প্রফেসর ড. মো. মজিবর রহমানের এহেন কাণ্ডজ্ঞানহীন পত্র প্রেরণের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ সমাজের সকল সচেতন মহলকে অবহিত করছি যে, মেয়াদোত্তীর্ণ আহ্বায়কের ইউজিসিতে প্রেরিত পত্রের বক্তব্যের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই এবং আমরা এই পত্র প্রেরণের তীব্র প্রতিবাদ করছি।