১২ সেপ্টেম্বর ২০২০, ১২:০৮

ক্যান্সারে মরণাপন্ন স্ত্রীর পাশে বসেই ঢাবি অধ্যাপক শুনলেন চাকরি নেই

  © ফাইল ছবি

স্ত্রী মরণব্যাধি রোগ ক্যান্সারে আক্রান্ত। লড়ছেন মৃত্যুর সঙ্গে। মরণাপন্ন স্ত্রীর পাশে বসেই মর্মান্তিক খবরটি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। জানলেন, বিশ্ববিদ্যালয় থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। একমাত্র সন্তানকে নিয়ে জীবনের এই কঠিন সময়ে অনেকটা অসহায় অধ্যাপক মোর্শেদ।

অধ্যাপক মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষক সংগঠন সাদা দলের নেতা। ২০১৮ সালে একটি জাতীয় দৈনিকে ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে তিনি একটি লেখা লেখেন। ওই লেখায় তিনি ইতিহাসের বিকৃতি করেছেন এবং বঙ্গবন্ধুর অবমাননা করেছেন এমন অভিযোগ ওঠে। ওই বছর ২রা এপ্রিল তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।

তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। ওই কমিটি অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানায়। এ ব্যাপারে কী ব্যবস্থা নেয়া যায় তার মতামত চাওয়া হয় এটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে। তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার পক্ষে মত দেন এটর্নি জেনারেল। বিষয়টি আরো পর্যালোচনার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়।

গত বুধবার সিন্ডিকেটের সভায় ট্রাইব্যুনালের সুপারিশ অনুযায়ী তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে, এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন। এসব সংগঠনের নেতারা বলছেন, এ ঘটনা বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তার পরিবেশ বাধাগ্রস্ত করবে।