ছাত্রকে মারধর, চবির প্রধান ফটকে তালা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এর জের ধরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আটকে দেয় ছাত্রলীগের একাংশ। পরে প্রক্টরের আশ্বাসে ঘন্টাখানেক পর ফটক খুলে দেয় তারা। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই ছাত্রের নাম রাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) কর্মী।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় রেল স্টেশন এলাকায় একটি চায়ের দোকানে বসে এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলো স্থানীয় বাসিন্দা রেজাউলের নেতৃত্বে কয়েকজন যুবক। এ ঘটনার প্রতিবাদ করলে রাকিবকে মারধর করে তারা। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে দেয় ভিএক্সের কর্মীরা। পরে প্রক্টরের আশ্বাসে একঘন্টা পর ফটক খুলে দেয় তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান বলেন, স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের হাতাহাতি হয়। এ ঘটনার বিচার চেয়ে প্রধান ফটক আটকে দেয় শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে তারা ফটক খুলে দেয়।