মঙ্গলবার থেকে জাবিতে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব শুরু
আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব। জাবির সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’-এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে। দেশের ২৩টি বিশ্ববিদ্যালয় এই উৎসবে অংশগ্রহণ করবে। চলমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এবারের উৎসবটি হবে অনলাইনে।
‘সৌহার্দ্যে সম্প্রীতিতে সংস্কৃতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উৎসবের নাম রাখা হয়েছে ‘সৃজন ছন্দে আনন্দে’। সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং অভিনয় এই চার ক্যাটাগরিতে একটি সংগঠন থেকে সর্বনিম্ন ২টি ও সর্বোচ্চ ৪টি এবং সম্পূর্ণ পরিবেশনা হবে ৩০ মিনিটের মধ্যে হবে।
জাবির এই উৎসবে অতিথি হিসেবে থাকছেন বিশ্বভারতী থেকে রবীন্দ্র সঙ্গীতশিল্পী নুসরাত বিনতে নূর, ছায়ানটের শিক্ষক ও বেঙ্গল পরম্পরার শিল্পী অভিজিৎ কুন্ডু, অবলিক ব্যান্ডের লিড ভোকালিস্ট বাশার লিসান, কণ্ঠশিল্পী স্বপ্নীল রাজীব, গিটারিস্ট রায়হান ইসলাম শুভ্র। এ ছাড়াও ৫টি অতিথি দল রয়েছে, যার মধ্যে রয়েছে কালবৈশাখী ও নক্সাল ব্যান্ড।
উৎসবের প্রতিটি পরিবেশনা ‘রিদম’-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচার করা। আগামী ১ সেপ্টেম্বর থেকে উৎসব শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।