সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত ডাকসু নেতা
করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। আজ বুধবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে সাদ জানিয়েছেন, গত কয়েকদিন রাত হলে মারাত্মক কাশি এবং শারীরিক কন্ডিশন বিবেচনায় গতকাল টেস্ট করতে দিয়েছিলাম। আজকে রিপোর্ট আসলো আমার কোভিড- ১৯ পজিটিভ। আব্বু আম্মু, ভাই-বোন সবাই অসুস্থ। সবাই বাসায় আসছিল। এক সপ্তাহ ধরে সবার জ্বর ছিল।
তিনি জানান, বর্তমানে জ্বর নেই তবে শরীর দুর্বল খুব। স্বাদ গন্ধহীন উপসর্গ তার। বড় বোনের বাচ্চা দুইজনেরও জ্বর এবং গলা ব্যথা ছিল, বর্তমানে তারা সুস্থ আছে। তার পরিবারের সবাই যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন সেজন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এর আগে গত ২৫ জুন থেকে সাদ বিন কাদের চৌধুরী, ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়। তারা এখন পর্যন্ত মোট ৭৯১ জন মুমূর্ষু রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেছেন।