ন্যাক নেশন নিয়ে এল ‘প্রোমার্ক’— দেশের প্রথম প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রতিযোগিতা
গতিশীলতাই বর্তমান বিশ্বের ধর্ম। আমরা বাস করছি এক গতিশীল বিশ্বে। আমাদের চারপাশের চেনা বিশ্ব দ্রুতগতিতেই পরিবর্তন হয়ে যাচ্ছে। আর একইসঙ্গে বৃদ্ধি পাচ্ছে প্রতিযোগিতা। তাই এ যুগে সাফল্য পেতে হলে নিজেকে এই পরিবর্তন এর সাথে মানিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। এছাড়াও এই পরিবর্তনকে নিজের প্রয়োজনে কাজে লাগাতে হবে। এই পরিবর্তনের সাথে তাল মানিয়ে চলার জন্য অন্যতম হাতিয়ার হলো ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’। যা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমরূপ কার্যকর।
প্রজেক্ট কোনো নতুন ধারণার সাথে সম্পৃক্ত, এটি কোনো গতানুগতিক কাজ নয়। যার জন্য প্রয়োজন হয়্ অত্যন্ত দক্ষ ব্যবস্থাপনার। কাজেই প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে সুনিপুনভাবে ও দক্ষতার সাথে সম্পদের পরিকল্পনা, বন্টন, ব্যবহার, ও ব্যবস্থাপনা করা; যার ফলে প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত লক্ষ্য অর্জন করা যায়। এই প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকতে প্রজেক্ট ম্যানেজমেন্টের কোনো বিকল্প নেই।
এসব কিছুকে প্রতিপাদ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রীক সংগঠন ‘ন্যাক নেশন’ আয়োজন করছে দেশের সর্বপ্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় প্রজেক্ট ম্যানেজমেন্ট ভিত্তিক অনলাইন বিজনেস কেস প্রতিযোগিতা ‘প্রোমার্ক ২০২০’। বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীর জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত। এই প্রতিযোগিতাটি আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলি ক্যাম্পাস।
ন্যাক নেশন জানিয়েছে, যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী এককভাবে, অথবা ২ বা ৩ জন এর একটি দল গঠন করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে একটি দলের সকল শিক্ষার্থীদের একই প্রতিষ্ঠানের হতে হবে।
ন্যাক নেশন প্রোমার্ক-এর জন্য সকল বিস্তারিত সংবলিত একটি ফেসবুক ইভেন্ট পেজ তৈরি করেছে। “প্রোমার্ক ২০২০” এ অংশগ্রহণের জন্য, কোনও স্বতন্ত্র প্রতিযোগী বা একটি দলকে অনলাইন লেনদেন সিস্টেম বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে ১৫০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি প্রদানের পরে, প্রতিযোগীদের ইভেন্টের পেজে প্রদত্ত নিবন্ধন ফর্মটি পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
তবে করোনাভাইরাস মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য অফলাইন রেজিস্ট্রেশন বুথ স্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।
আয়োজকরা জানিয়েছে, প্রতিযোগিতাটি তিন রাউন্ড নিয়ে গঠিত। ন্যাক নেশন, প্রোমার্কে অংশগ্রহণকারীদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং কেস সল্ভিং এর একটি পরিপূর্ণ অভিজ্ঞতা দেওয়ার জন্য মূল প্রতিযোগিতা শুরুর আগে একটি লাইভ সেশন এবং একটি ওয়েবিনার আয়োজন করেছে, যেখানে উপস্থিত থাকবেন প্রজেক্ট ম্যানেজমেন্ট ও কেস সলভিংয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ। ন্যাক নেশন আশাবাদী যে এই প্রচেষ্টার দ্বারা অংশগ্রহণকারীরা উপকৃত হবে।
আয়োজকরা জানায়, প্রথম রাউন্ডে অংশগ্রহণকারীদের একটি কেস ই-মেইলে প্রেরণ করা হবে এবং তাদের এর সমাধান প্রস্তুত করতে হবে। দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণকারীদের প্রদত্ত কেসের প্রজেক্টের জন্য একটি মার্কেটিং কৌশল তৈরি করার দায়িত্ব দেওয়া হবে। তৃতীয় বা চূড়ান্ত রাউন্ডে প্রতিযোগীদের একটি সম্পূর্ণ প্রজেক্টের সমাধান উপস্থাপন করতে হবে।
‘প্রোমার্ক ২০২০’ এর বিজয়ীর জন্য রয়েছে ১০ হাজার টাকা পুরষ্কার। প্রথম রানার-আপ এবং দ্বিতীয় রানার-আপ এর জন্য রয়েছে যথাক্রমে ৬ হাজার টাকা এবং ৪ হাজার টাকা পুরষ্কার। এছাড়াও ফাইনালিস্টদের জন্য থাকছে সুইটসিন ক্যাফের পক্ষ থেকে গিফট ভাউচার এবং বহুব্রিহি অনলাইন কোর্সের থেকে থাকছে ফাইনালিস্ট ও সেমি-ফাইনালিস্টদের জন্য আকর্ষণীয় শিক্ষার সুযোগ।
প্রোমার্ক সম্পর্কে ন্যাক নেশনের প্রেসিডেন্ট স্টীভ ফেবিয়ান বৈরাগী বলেন, প্রোমার্ক দিয়ে ন্যাক নেশন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতামূলক বিশ্বের প্রকল্প পরিচালনার জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে। প্রোমার্ক থেকে যদি একজনও উপকৃত হয়, সেখানেই ন্যাক নেশনের সার্থকতা। ন্যাক নেশন এরকম আয়োজন সামনেও অব্যাহত রাখবে।