৩১ অক্টোবর ২০১৯, ১৫:৩৪

পূর্ণিমার সঙ্গে সেলফিতে মাতল ঢাবি ছাত্রীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল মিলনায়তনে ‘বিষণ্ণতা ও আত্মহত্যা প্রবণতা: জানি বুঝি হাত বাড়াই’ শীর্ষক সেমিনারে অংশ নিয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্নিমা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এদিকে ওই সেমিনার ঘিরে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের পূর্ণিমার সঙ্গে সেল্ফি তোলার হিড়িক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবি তো বটেই, পূর্ণিমার সঙ্গে ভিডিও ধারণ করেও ছেড়েছেন অনেকে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড পেইজেও একটি ভিডিও ছেড়েছেন আলোচিত এ চিত্রনায়িকা।

ভিডিওতে মাইনুল ইসলাম নামে একজন কমেন্ট করেছেন, পূর্ণিমার ভক্তের অভাব নেই। আসাদ তালুকদারের বক্তব্য, সব তরুণীদের মিলনমেলা। এছাড়াও পোস্টটিতে ইতিবাচক-নেতিবাচক নানা মন্তব্য এসেছে।

সেমিনারের আয়োজকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধু একজন শিক্ষার্থীই নয়, তার ওপর অর্পিত হয় পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। এ শিক্ষার্থীরাই যখন বিষণ্ণতায় ভোগেন তখন দেশ বঞ্চিত হয় মেধা ও সম্ভাবনাসমূহ থেকে। বিষণ্নতার কারণে শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা যাতে নষ্ট না হয়; এই সেমিনারের উদ্দেশ্য সেটাই ছিল।

সেমিনারে এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মেহজাবিন হক, মনোবিজ্ঞানী ফয়সাল আহমেদ রাফি, অভিনেত্রী ও সংস্কৃতি কর্মী রোকেয়া প্রাচী অংশ নেন।