চাকসুর নতুন পরিচালক রেজাউল করিম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। আগামী ১ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে রেজাউল করিম বলেন, আমাকে চাকসু কেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে যোগদানও করেছি৷ আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, এজন্য সবার সহযোগিতা চাই।
উল্লেখ্য, শিক্ষার্থীদের শিক্ষার মান, নেতৃত্ব প্রদান ও অধিকার সম্পর্কে তাদের মতপ্রকাশের জন্য ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় এটি। ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত মোট ৬ বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ১৯৯০ সালে নির্বাচনের পর আর নির্বাচন হয়নি। ৩৪ বছর ধরে বন্ধ আছে এ প্রতিষ্ঠানটি।