১৩ মার্চ ২০২৪, ২০:৪১

ঢাবি ছায়া জাতিসংঘ সম্মেলনের নিবন্ধন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়  © লোগো ও ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সংগঠনের উদ্যোগে  ১১তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৪’। সম্মেলনকে সামনে রেখে গত ১১ মার্চ সোমবার থেকে শুরু হয়েছে নিবন্ধন। অফলাইন এবং অনলাইন নিবন্ধন চলবে সম্মেলনের আগ পর্যন্ত।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, “সংঘর্ষের ঊর্ধ্বে সংহতিঃ ন্যায্য শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ”। আগামী ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত ৪ দিনব্যাপী সম্মেলন চলবে। এবারের সম্মেলনে ১১টি অন্তর্ভুক্তিমূলক কমিটি থাকবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন (DUMUNA) ২০১২ সাল থেকে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করে চলছে। প্রতিবারের মতো এবারও সারাদেশের নানান স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়াও অন্যান্য দেশ থেকেও বহু সংখ্যক শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৪ (DUNMUN 2024) এর মহাসচিব হলেন এস এম নাহিয়ান ইসলাম। বর্তমানে তিনি সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মেলনের উপমহাসচিব এবং মহাপরিচালক হিসেবে থাকছেন যথাক্রমে হোসাইন আজমল প্রান্ত এবং মো. আসিফুজ্জামান।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থীর যে সকল দক্ষতা গুলো অর্জন না করলেই নয়, সেগুলোর প্রায় সবগুলোই ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জন করা যায়। পাবলিক স্পিকিং থেকে শুরু করে কূটনৈতিক দক্ষতা, তথ্য অনুসন্ধান, কনটেন্ট লেখা, আনুষ্ঠানিক বিতর্ক ইত্যাদি দক্ষতাগুলো সহজেই রপ্ত করা যায়।