সাংবাদিকতা বিভাগে ব্যক্তিগত আক্রোশে ফলে ধস, অভিযোগ তদন্তে কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের করা ফলে ধস নামানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আন্দোলনেও নেমেছিল শিক্ষার্থীরা। এবার সে অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
রবিবার (৩ মার্চ) সন্ধ্যা থেকে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন এক সিন্ডিকেট সদস্য। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সিন্ডিকেট সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন বলেন, শিক্ষার্থীদের অভিযোগ ছিল অধ্যাপক নাদির জুনাইদ ব্যক্তিগত আক্রোশের ফলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের ফলাফলে ধস নামিয়ে দিয়েছেন। এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের নেতৃত্বে অন্য দুজন সদস্য হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী।
এর আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ব্যক্তিগত আক্রোশে ফলাফলে ধস নামিয়ে দেন এমন অভিযোগ তুলে আন্দোলন শুরু করে ১২ ব্যাচের শিক্ষার্থীরা। পরবর্তীতে যৌন নিপীড়নের অভিযোগ উঠলে পুরো বিভাগের আন্দোলন আরও তীব্র হয়। পরবর্তীতে তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।