০৭ মে ২০১৮, ১৭:৪৫

তিন বিষয়ে অকৃতকার্য হয়েও পাশ!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সস্কৃতি বিভাগের এক ছাত্রী তিন বিষয়ে অকৃতকার্য হলেও তাকে পাশ দেখানো হয়েছে। ওই শিক্ষার্থীর নাম পারভীন আক্তার। তিনি কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী। তার পরীক্ষার রোল নাম্বার ২৭৫২। তিনি ২০১৩-২০১৪ সেশনের শিক্ষার্থী।

জানা গেছে, গত বছরের নভেম্বরে ইসলামের ইতিহাস ও সস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের অষ্টম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ফলাফল প্রকাশিত হয় চলতি বছরের ৩০ এপ্রিল। ওই ছাত্রীর নাম্বারপত্রে দেখা যায়, তিনি অষ্টম সেমিস্টারে চারটি কোর্সের তিনটিতেই অকৃতকার্য হয়েছেন।

এসব কোর্সগুলো হলো-মর্ডান মুসলিম ওয়ার্ল্ড এন্ড গ্লোবালাইজেশন, ডেভেলপমেন্ট অফ মুসলিম আর্ট এন্ড আর্কিটেকচার ও মুসলিম হিস্টোরিওগ্রাফি। শুধু পাশ করেছেন বাংলাদেশ স্টাডিজ সাইন্স কোর্সে।

এদিকে, ওই ছাত্রী মোট ৮ সেমিস্টারের মধ্যে ৭ সেমিস্টারে ওই শিক্ষার্থী প্রথম গ্রেডে উত্তীর্ণ হয়। অথচ অষ্টম সেমিস্টারে তার ফলাফল আসে ফেল। কিন্তু ৮টি সেমিস্টারের মোট রেজাল্ট দেখানো হয়েছে সিজিপিএ ৩.০০।

ইসলামের ইতিহাস ও সস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী বলেন, বিষয়টি ভুল হয়েছে। তবে সেটি সংশোধন করা হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ না করেও এক ছাত্র সিজিপিএ-২.৫ পেয়েছিল। ওই বিভাগের ২০১৫-১৬ সেশনের সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলে এ অসঙ্গতি ধরা পড়ে। এছাড়া প্রকাশিত রেজাল্টে অন্তত ২০-২৫ জন ছাত্র-ছাত্রীর ফলাফলে অসঙ্গতি থাকায় বিভাগ কর্তৃপক্ষ রেজাল্টটি প্রত্যাহার করেছিলেন। তার আগে এ বিভাগে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন না করে নম্বর দেওয়ার অভিযোগ উঠেছিল দুই শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।