ঢাবি ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ : ট্রাস্ট পরিবহনের ৫টি বাস আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ট্রাস্ট পরিবহনের পাঁচটি বাস আটক করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে রাজধানীর শাহবাগ থেকে বাসগুলো আটক করে তারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে নিয়ে যান।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাজধানীর কারওরান বাজার মোড়ে ট্রাস্ট পরিবহনের এক সহকারী ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী। এছাড়াও তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেছেন, আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আসছেন। শাহবাগ থানায় বিষয়টি সমাধান করা হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রেখেছে। তবে কে অশালীন আচরণ করেছে তা জানা যায়নি। বাস কর্তৃপক্ষ আসতেছে। ওই ছাত্রীকেও আসতে বলা হয়েছে। সে বিস্তারিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।