২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৩

একই ব্যাচে গর্ভনর-মন্ত্রী-রাষ্ট্রদূত-অধ্যাপকরা, রেজাল্ট শিট ঘুরছে ফেসবুকে

ঢাবি অর্থনীতি বিভাগ  © সংগৃহীত

ফেসবুকে ঘুরছে ঢাকা বিশ্ববিদ্যালায়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের ১৯৬৮ সালের বিএ অনার্স-এর ফলাফলের একটি তালিকা (রেজাল্ট শিট)। সেখানে প্রথমে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ এইচ ওয়াহিদউদ্দিন মাহমুদের নাম।

বিশ্ববিদ্যালায়ের ১৯৬৮ সালের অর্থনীতি বিভাগের বিএ অনার্স থেকে তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। তালিকায় তার সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সাবেক ও বর্তমান কয়েকজন মন্ত্রী, রাষ্ট্রদূত ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব পালন করছেন এমন সব ব্যক্তি।

অর্থাৎ তারা সবাই ঢাবির একই ব্যাচ ও বিভাগের শিক্ষার্থী। তবে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ছাড়া বাকিরা দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন। একমাত্র প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন ড. ওয়াহিদউদ্দিন।

আজ সোমবার দুপুরে ফেসবুকে নিজের ওয়ালে এ ছবি শেয়ার করে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালায়ের আর্কাইভ থেকে পাওয়া অর্থনীতি বিভাগের ১৯৬৮ সনের বিএ অনার্স-এর ফলাফল। তালিকার মধ্যে আছে বাংলদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর, প্রাক্তন ও বর্তমান মন্ত্রী, একাধিক রাষ্ট্রদূত, দেশে-বিদেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। এরপর ছবিটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এটি একটি দূর্লভ ও মূল্যবান দলিল অবহিত করে নেটিজেনরা বলছেন, ঢাবির অর্থনীতি বিভাগের ১৯৬৮ সনের বিএ অনার্স ব্যাচটা কী দুর্দান্ত। যারা দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদার রাখছেন। এটি একটি মহামূল্যবান দলিল।

অর্থনীতি বিভাগের ১৯৬৮ সনের বিএ অনার্স-এর ফলাফলের ওই তালিকায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ এইচ ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রমুখ।

এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে তালিকাটি। অনেকেই সঙ্গে দু-এক লাইন যোগ করে নিজের ওয়ালে শেয়ার করছেন এটি। লিখছেন তাদের ভালো লাগার কথা।